
জামালপুর সদরের কেন্দুয়া কালিবাড়ি বাজারে একটি গুদামের তালা কেটে ৬০ বস্তা সরিষা ও ২০ বস্তা ধান চুরির ঘটনা ঘটেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই ভুক্তভোগী ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে গুদামের তালা কেটে এ চুরির ঘটনা ঘটে।
গুদাম মালিক আনোয়ার হোসেন বলেন, গুদাম থেকে ১০০ কেজি ওজনের ৬০ বস্তা সরিষা ও ৮০ কেজি ওজনের ২০ বস্তা ধান চুরি হয়েছে। এতে তার অন্তত ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




