
জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারকেন্দ্রে ভাঙচুর করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ফুলবাড়িয়ায় এ ঘটনা ঘটে। এ সময় নির্বাচনী প্রচারকেন্দ্রের চেয়ার ভাঙচুর করা হয় এবং চেয়ার নিয়ে যায় দুবৃর্ত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০ টার দিকে একদল দুবৃর্ত্ত হঠাৎ করেই পশ্চিম ফুলবাড়িয়া বউবাজার এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারকেন্দ্রে আসে এবং অকথ্য ভাষায় প্রার্থীসহ সকল সমর্থকদের গালিগালাজ করতে থাকে।
একপর্যায়ে তারা সেই প্রচারকেন্দ্রের চেয়ার ভাঙচুর করে ও কিছু চেয়ার সেখান থেকে নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
সরকার দলীয় নৌকা প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাবেক কাউন্সিলর মো. সুরুজ্জামান, শ্রমিক লীগ নেতা আব্দুল বারেক, মো. আমিনুর ইসলামসহ অনেকেই।
জামালপুর সদর থানার এস আই মাজাহার ইসলাম বলেন, নির্বাচনী প্রচারকেন্দ্রে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। কারা এ কাজের সাথে জড়িত তদন্ত করে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম রেজনু। তিনি এ ঘটনার নিন্দা জানান এবং তার কর্মী সমর্থকদের কোনো গণ্ডগোলে না জড়িয়ে ধৈর্যের সঙ্গে নির্বাচনী প্রচার করতে আহ্বান করেন।




