
বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্করের অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের।
শুক্রবার (২৭ অক্টোবর) বরগুনা সিভিল সার্জন ডা. মো. মোহাম্মদ ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে তদন্ত কমটি গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে স্বাস্থ্য অধিদপ্তরের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন, কমিটির তদন্ত শেষ হলে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্করের অর্থ লেনদেনের ছয় মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।




