
সুন্দরবনের মান্দারবাড়ীয়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ডুবে যাওয়া ট্রলারের তিন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার (৩০ অক্টোবর) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা টহল দিচ্ছিল। অভিযানকারীরা টহলকালে সোমবার সকাল সোয়া ৮টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবন-সংলগ্ন মান্দারবাড়ীয়া দ্বীপ এলাকা থেকে তিন জেলেকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার জেলেদের বাড়ি খুলনার কয়রায়।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর জেলেরা বঙ্গোপসাগরের সুন্দরবন-সংলগ্ন মান্দরবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় ট্রলালের ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। পরে ট্রলারটি একপর্যায়ে সমুদ্রে ডুবে যায়। এরপর ট্রলারে থাকা জেলেরা সাঁতরিয়ে উত্তর মান্দারবাড়ীয়া দ্বীপে আশ্রয় নেন।




