
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য উপকূলীয় ৪৩টি ইউনিয়নে কোস্টগার্ড মোতায়ন করা হয়েছে।
খন্দকার মুনিফ তকি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত উপকূলীয় এলাকাগুলোতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা দায়িত্বপালন করবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে।




