
রাজশাহীতে অস্ত্র হাতে নাচানাচির ঘটনায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এই কিশোরদের খোঁজ শুরু করে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বশাক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওটি পুলিশের হাতে আসলে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে সেই গ্যাংয়ের সাতজনকে আটক করা হয়। আটককৃতদের সবার বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। তাদের বাড়ি শাহমখদুম থানার গাংপাড়া এলাকায়।
ভিডিওটি ছিল ১৯ সেকেন্ডের। অস্ত্র হাতে তালেবানি কায়দায় একদল কিশোর নাচানাচি আর উল্লাস করছে। সঙ্গে বাদ্যও বাজছে। তালে তালে কিশোররা নাচছে। তাদের হাতে রামদা, চাইনিজ কুড়াল, চাকুসহ নানা ধরনের অনেক অস্ত্র। একজন বলছে, ‘এই মাইর্যা দিস না রে বাপ’!
স্থানীয়রা জানান, তিন দিন আগে গাংপাড়া এলাকার কিশোর গ্যাং সদস্যরা চাঁদাবাজির টাকায় খাওয়া-দাওয়ার পর অস্ত্র হাতে নাচানাচি করে এবং শোডাউন করে আতঙ্ক সৃষ্টি করে।




