
রাজশাহীর তানোর উপজেলার রামদেবপুরে রাজশাহী-১ আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহির প্রচারণায় নৌকার স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনা, হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজশাহীর তানোর উপজেলার রামদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মাহির অভিযোগ, তিনি সন্ধ্যার পরে রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আদিবাসীদের মাঝে গণসংযোগ করতে যান। বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে তিনি কথা বলতে শুরু করলে একদল যুবক নৌকার স্লোগান দিতে থাকেন। মাহি তাদের থামতে বললে নৌকার সমর্থকেরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় মাহির সমর্থকেরা বাধা দিলে শুরু হয় হট্টগোল, ধাক্কাধাক্কি। পরে স্থানীয়রা দু’পক্ষকে নিভৃত করেন।
একই বিদ্যালয় মাঠে বিকেলে জনসভা করেন সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুর। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তারা শুনেছেন। এলাকার পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন।




