
বিএনপির ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে নিরাপত্তার স্বার্থে ট্রেনচালকদেরও হেলমেট পরে ট্রেন চালাতে দেখা গেছে।
বুধবার (৮ নভেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশনের বিভিন্ন ট্রেনে এ দৃশ্য দেখা গেছে।
দেখা গেছে, অবরোধে দূরপাল্লার বাস বন্ধ থাকায় রেলস্টেশনে যাত্রীদের ভিড় লেগে আছে। দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ও সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন কুলাউড়ায় পৌঁছায়। দুটি ট্রেনের চালক ও সহকারী চালকেরা হেলমেট পরে আছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন চালক বলেন, প্রথম দফা অবরোধ কর্মসূচি শুরুর পর নিরাপত্তার জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হেলমেট সরবরাহ করে। ট্রেন চালানোর সময় তাদের তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। দেশের সব ট্রেনের চালকেরা এখন হেলমেট ব্যবহার করছেন।
এ বিষয়ে কুলাউড়া জংশন রেলস্টেশনের মাস্টার রোমান আহমদ গণমাধ্যমকে বলেন, অবরোধে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। চালকদের ঝুঁকির বিষয়টিকে গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ।




