
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে একটি ট্যুরিস্ট বোটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে হ্রদের কাইন্দারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পর্যটকরা জানায়, পর্যটক নিয়ে ট্যুরিস্ট বোটটি সুবলং ঝরনায় যাওয়ার পথে ইন্দারমুখ এলাকায় দুর্বৃত্তরা বোট থেকে সবাইকে নামিয়ে দেয়। পরে বোটটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনও ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা।
বোটের মালিক আলাউদ্দিন টুটুল জানান, শুক্রবার সকালে চাঁদপুর থেকে আসা ট্যুরিস্টদের একটি দল আমার বোট নিয়ে তবলছড়ি ঘাট থেকে সুবলংয়ের দিকে রওনা হয়। পরে স্বর্গছেড়ার কাছাকাছি পৌঁছালে সশন্ত্র সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে বালুখালীর বসন্তমোন এলাকায় নিয়ে যায়। সেখানে আরও কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ছিল। ৭ থেকে ৮জনের সশস্ত্র সন্ত্রাসীরা বোটের চালক গিয়াসসহ পর্যটকদের বোট থেকে নামিয়ে দেয়। পরে বোটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসী পর্যটকদের ৬টি মোবাইল সেটও নিয়ে যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম জানায়, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল থেকে পর্যটকদের উদ্ধার করে শহরে নিয়ে আসে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




