
দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। শনিবার সপ্তাহের প্রথম দিনেই ভারতীয় ৫৫ ট্রাকে ১ হাজার ৩৭০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। যার ফলে হিলি স্থলবন্দরের পাকারি বাজারে আলুর দাম স্বাভাবিক রয়েছে। বর্তমানে ভারতীয় আলু প্রকারভেদে ৩৩ থেকে ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে দেশি আলু প্রকারভেদে হিলির বাজারে ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে পেঁয়াজের বাজারেও কিছুটা স্বস্তি রয়েছে। ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে ৮৫ থেকে ৯০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। প্রতিদিন দাম উঠানামার কারনে বিপাকে পড়ছেন বন্দরে আসা পাইকার ও কমিশন ব্যবসায়ীরা।
রোববার (১৯ নভেম্বর) হিলি স্থলবন্দরের পাইকারী বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা মনিরুল ইসলাম মনি বলেন, ভারত থেকে আলু আমদানি স্বাভাবিক রয়েছে। যার ফলে আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মোকামে আর আলুর কোনো সংকট নেই। দেশি আলুও পর্যাপ্ত রয়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।
হিলি স্থলবন্দরের পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পূর্বের থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বৃদ্ধি পেয়েছে। আলু এবং পেঁয়াজ পচনশীল পণ্য হওয়ার কারণে আমরা সব সময় এই সব পণ্য আগে খালাস করে থাকি ফলে আমদানিকারকরা দ্রুত দেশের বিভিন্ন স্থানে সরবরাহস করে থাকেন। এতে করে সরকারের যেমন রাজস্ব আয় বৃদ্ধি হচ্ছে সেই সঙ্গে পানামা পোর্টেরও আয় বৃদ্ধি হবে।




