
বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচিত বিএনপির চারবারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে মনোনয়নপত্র জমাও দিয়েছেন। এ নিয়ে তার এলাকায় বিএনপিপন্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ডা. জিয়াউল হকের কুশপুত্তলিকা দাহ করেছেন। পরে তাকে কাহালু-নন্দীগ্রাম এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
জিয়াউল হক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য ছিলেন। দলে সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত জিয়াউল হক। তার জন্ম কাহালু উপজেলার দেওগ্রামে। তার বাবা আজিজুল হক মোল্লা বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, জিয়াউল হক বিএনপির কেউ নন। তবে, তিনি যদি নির্বাচনে অংশ নেন, তাহলে সরকারের সহযোগী হিসেবে জাতির কাছে চিহ্নিত হয়ে থাকবেন।
কাহালু উপজেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান জানান, জিয়াউল হক বর্তমান সরকারের অধীনে নির্বাচন করলে ভবিষ্যতে দলে ফেরার আর কোনও সুযোগ পাবেন না। তিনি সবার কাছে ঘৃণার পাত্র হিসেবে চিহ্ন হয়ে থাকবেন।




