
পাইকগাছায় ঝুপড়ি ঘরে আগুন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ ভোগদখলীয় সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন। মনজুরুল মোড়ল উপজেলার হিতামপুর গ্রামের মৃত আলীবক্স মোড়লের ছেলে।
তিনি বলেন, গদাইপুর গ্রামের সত্য রঞ্জন চৌধুরীর ভাই নিত্য রঞ্জন চৌধুরীর কাছ থেকে আমার পিতা ও ভাই নজরুল ইসলামের নামে ৯৪১২/৮৪ নং কোবলা দলিল মূলে গদাইপুর মৌজায় ২২১ খতিয়ানে ৭ শতক ও হিতামপুর মৌজায় ১৩৪ নং খতিয়ানে ৩৭ শতকসহ মোট ৪৪ শতক ক্রয় করেন। সেই থেকে উল্লেখিত সম্পত্তির কর খাজনা পরিশোধ করে আমরা শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছি।
মনজুরুল মোড়ল অভিযোগ জানিয়ে বলেন, নালিশী এ সম্পত্তি একই এলাকার মোক্তার শেখের কুপরামর্শে নিত্য রঞ্জন চৌধুরীর ভাই বিশ্বজিৎ রঞ্জন চৌধুরীর স্ত্রী সরস্বতী চৌধুরী আমাদের রেকর্ডিয় ভোগদখলীয় সম্পত্তি জবরদখল করার চেষ্টা করে আসছে। এজন্য আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, মিথ্যা সংবাদ সম্মেলন করে অপপ্রচার ও ঝুপড়ি ঘরে আগুন লাগিয়ে আমাদের ফাঁসানোর জন্য নানা ধরনের অপচেষ্টা করছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।




