
বরগুনায় পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে পাথরঘাটা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মল্লিক (৬০) নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলো পত্রিকার প্রতিনিধি আমিন সোহেল (৩৮), বরগুনা প্রেস ক্লাবের সদস্য দীপ্ত টেলিভিশনের বরগুনা প্রতিনিধি শাহ্ আলী (২৮) ও দীপ্ত টিভির চিত্র সাংবাদিক সোহাগ হাওলাদার (২০)।
সোমবার (৪ ডিসেম্বর) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোজাম্মেল হক রেজা।
জানা যায়, রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পাথরঘাটা-ঢাকা মহাসড়কের কালমেঘা ইউনিয়নের ‘খ্রিষ্টান বাড়ি’ নামক এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন অধ্যক্ষ ও প্রথম আলোর সাংবাদিক। আমতলী পৌর সড়কের থানার সামনে সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনার শিকার হন দীপ্ত টিভির সাংবাদিক ও দীপ্ত টিভির চিত্র সাংবাদিক। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। এদের মধ্যে পাথরঘাটার আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে রাত ১টায় অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মল্লিকের মৃত্যু হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার দুজনকেই ঢাকায় পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোজাম্মেল হক রেজা জানান, বরগুনার পৃথক পৃথক স্থানে পাথরঘাটা ও আমতলী উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৪ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে পাথরঘাটার দুর্ঘটনার শিকার অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মল্লিককে ঢাকা নেওয়ার পথে মৃত্যু সংবাদ পেয়েছি। অন্যরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, আমতলীর অটোরিকশা আটক রয়েছে। তবে পাথরঘাটায় যে গাড়ির জন্য ঘটনা ঘটেছে সেই গাড়িটি পাওয়া যায়নি। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে টমটম চালককে শনাক্ত করতে কাজ চলছে।




