
গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে রফিকুল হাসান রাজ (২৪) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সাব্বির সিকদার (২২) নামে অপর এক যুবক আহত হয়েছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার কুশলা ইউনিয়নের খালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল গোপালগঞ্জ পৌর এলাকার ব্যাংকপাড়ার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে। তিনি গোপালগঞ্জ পৌর যুবলীগের সদস্য ছিলেন। আহত সাব্বির সম্পর্কে চাচা-ভাতিজা।
নিহতের চাচাতো ভাই জুয়েল সিকদার জানান, শনিবার রাতে রফিকুল ইসলাম রাজ ও সাব্বির সিকদার মোটরসাইকেলে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। পথিমধ্যে একটি বালুবাহী ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে রাজের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত সাব্বিরের পা ভেঙে যাওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




