গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

গাজীপুরের হাড়িনালে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ১১ দিন পর অনুশোচনায় ভুগে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্বামী বেলায়েত হোসেন।
আত্মসমর্পণের পর স্বামীর দেওয়া তথ্যর ভিত্তিতে সোমবার (৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আত্মসমর্পণের পর বেলায়েত জানান, হাড়িনাল দক্ষিণ পাড়া আমজাদ হোসেনের বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন সবজি বিক্রেতা বেলায়েত হোসেন। ২৪ নভেম্বর তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বেলায়েত হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে বাড়ির উঠানে মাটি খুঁড়ে মরদেহটি চাপা দেন। এরপর থেকে অনুশোচনায় ভুগতে থাকেন তিনি। পরে ৪ ডিসেম্বর গাজীপুর সদর থানায় এসে পুলিশের কাছে হত্যার ঘটনা বিস্তারিত বলে আত্মসমর্পণ করেন বেলায়েত। সেদিন রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ।
গাজীপুর সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, বেলায়েত হোসেন নামে এক ব্যক্তি থানায় আত্মসমর্পণ করে স্ত্রী হত্যার বিষয়টি স্বীকার করেছেন। আমরা ঘটনার সত্যতা পেয়েছি। তার দেয়া তথ্যের ভিত্তিতে মাটির নিচ থেকে স্ত্রীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




