
চুয়াডাঙ্গায় বেড়েই চলেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। এতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঠান্ডা বাতাসে জবুথবু হয়ে পড়ছে সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু না হওয়ায় শীতে কষ্ট বেড়েছে হতদরিদ্রদের। তীব্র ঠাণ্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের কৃষক মজিবার রহমান জানান, ‘খুব ঠান্ডা পড়চি, সকাল সকাল কাজে যেতি পারচিনি। এই শীতে মাটে কাজ করতি অসুবিদা হচ্চি। ধানের চারা সব নষ্ট হয়ি যাচ্চি।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাপমাত্রা আরও কমতে পারে।




