
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফর গুলিতে নিহত হওয়ার ১৬ দিন পর দুই যুবকের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৩০ ডিসেম্বর) দুই দেশের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের মরদেহ ফেরত দেয় বিএসএফ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মেম্বার আব্দুর রহমান।
তিনি জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের সাজেদুর রহমান ওরফে সাইদুল ও একই এলাকার খাজা মঈনুদ্দিনসহ কয়েকজন গরু আনতে ভারতে যান। রাতে তারা ভারতের নদীয়া জেলার গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের একটি টহল দলের মুখোমুখী হয়। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে সাইদুল ও খাজা মইনুদ্দিন নিহত হন। পরে বিএসএফ মরদেহ কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে যায়। পরে দুই দেশের মধ্যে পত্র চালাচালি করে ১৬ দিন পর মরদেহ বাংলাদেশে আনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের এডি মো. হায়দার ও বিএসএফের কোম্পানি কমান্ডার রাজেশ নারায়ণ।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ভারতে কৃষ্ণনগর থানার ওসি বিপেন সরকার মরদেহ হস্তান্তর করলে গ্রহণ করি। সন্ধ্যার পর মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।




