
নেত্রকোণার দুর্গাপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই মজিবুর রহমানের বিরুদ্ধে।
রোববার (১৭ ডিসেম্বর) সকালে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. নুরুল আমীন (৪৫) মউ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
নিহতের পরিবার জানায়, গত দুই বছর ধরে বড় ভাই নুরুল আমিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল মজিবুর রহমানের। এই নিয়ে স্থানীয়ভাবে দেন দরবার হলেও কোনো সুরাহা আসেনি। ঘটনার দিন রোববার সকালে তাদের ধান খেতের পাশে দাঁড়িয়ে ছিল নুরুল আমীন। এ সময় পূর্ব বিরোধের জেরে নুরুল আমিনের বুকে দেশীয় অস্ত্র (ডেগার) দিয়ে আঘাত করে মজিবুর। স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




