
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে (শিবচর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদরে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা যায়, জোর করে মানুষকে শাসন করা যায়, তবে মানুষের ভালোবাসা না থাকলে টিকে থাকা যায় না।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাঁশকান্দি ইউনিয়নে নির্বাচনী এক পথসভার বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিফ হুইপ নূর-আলম চৌধুরী এ কথা বলেন।
নূর-ই আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যার খলনায়ক জিয়াউর রহমান জোর করে একদিন ক্ষমতা দখল করেছিল। আজ তার দল—বিএনপির এমন পরিণতি হয়েছে যে, নির্বাচন করার সাহস পর্যন্ত পায় না।
একইভাবে ১৯৮৬ সালে জাতীয় পার্টিও ক্ষমতায় এসেছে এবং ক্ষমতার দাপটে জনগণের ভোটের রায়কে সেদিন পরিবর্তন করেছিল। আজকে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাপোর্ট ছাড়া একটি প্রার্থী দিতেও ভয় পায়।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যে দেশ বঙ্গবন্ধুকে হুমকি দিয়েছিল। আজও তারা আমাদের নির্বাচন বানচাল করতে বড় বড় স্যাংশন দিয়ে শেখ হাসিনাকে হুমকি দিচ্ছে। তবে শেখ হাসিনাকে তারা হুমকি দিয়ে এক ইঞ্চি ও নড়াতে পারেনি।
আগামী ৭ জানুয়ারি সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনীয় আচরণবিধি মেনে নৌকা মার্কায় সবার কাছে ভোট প্রার্থনা করেন তিনি।




