
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম। এর আগে ২৪ ঘণ্টায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা এলাকার ঢাকা সিলেটগামী মহাসড়কে জিলানী পেট্রল পাম্পে অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের সাফা এলাকার আব্দুল বারির ছেলে আনোয়ার হোসেন (৩৮), একই জেলার জকিগঞ্জের বারহাল ইউনিয়নের মাইজগ্রামের মরাই মিয়ার ছেলে মান্না আহম্মদ প্রকাশ সুমন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম জানান, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




