
গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে এ আহ্বান জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, গত নির্বাচনেও গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে মধুপুরে নৌকায় ভোট দেওয়া হয়েছিল। এই মধুপুর শেখ হাসিনার মধুপুর, এই মধুপুর আওয়ামী লীগের, এই মধুপুর বঙ্গবন্ধুর। বিএনপি চাচ্ছে আগামী নির্বাচন যাতে ভালোভাবে না হয়। দফায় দফায় দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে তারা।
তিনি বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। আমরা গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে অতীতেও ভোট দিয়েছি, আগামী দিনেও ভোটার উপস্থিতি দেখিয়ে প্রমাণ করব মধুপুর আওয়ামী লীগের।
তিনি আরও বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে মধুপুরের জনগণ আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ কত শক্তিশালী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল প্রমুখ।




