
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে শোকজের জবাব দিয়েছেন দিনাজপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
শনিবার (২৩ ডিসেম্বর) দিনাজপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাদেকীন হাবীব বাপ্পীর আদালতে হাজির হয়ে তিনি শোকজের জবাব দেন।
চতুর্থবারের মতো এ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন ইকবালুর রহিম। এর আগে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের ইকবালুর রহিম বলেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন কিছু আচরণবিধি দিয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তার ব্যাখ্যা দিয়েছি আমি।
ইকবালুর রহিম বলেন, শোভাযাত্রায় ছবিসংবলিত টি-শার্ট কিছু ছেলে পরেছিল। সেটি জানা ছিল না। সেটির ব্যাখ্যা দেওয়া হয়েছে। অনুসন্ধান কমিটি ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করেছে।
আচরণবিধি মেনে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান জাতীয় সংসদের হুইপ।
এর আগে গত বুধবার নির্বাচন অনুসন্ধান কমিটি ইকবালুর রহিমকে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়। এতে উল্লেখ করা হয়, গত ১৯ ডিসেম্বর দিনাজপুর গোড় এ শহীদ ঈদগাহ মাঠে নির্বাচনী সভায় ইকবালুর রহিমের কিছু সমর্থক তার ছবি এবং নির্বাচনী প্রতীকসংবলিত শার্ট (টি-শার্ট) পরে অংশগ্রহণ করে। এটি আচরণবিধির লঙ্ঘন। এ অবস্থায় ইকবালুর রহিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে কেন সুপারিশ করা হবে না, তা সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।




