মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজমেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন ও তার পরিবারের সদস্যদের বিষয়ে অশালীন বক্তব্য ও এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে শোকজ করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) মেহেরপুরের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক কবির হোসেন এ শোকজ করেন।
মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেনের ভগ্নিপতি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের লিখিত অভিযোগ আমলে নিয়ে এই শোকজ করেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।
শোকজপত্রে বলা হয়েছে, মাহফুজুর রহমান রিটন মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে সরকারি গাড়ি ব্যবহার করছেন। এ ছাড়াও ফেসবুকে এক ভিডিওতে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন, তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, সহোদর ভাই শহীদ সরফরাজ হোসেন মৃদুল ও ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের নামে অশালীন বক্তব্য দিয়েছেন। বক্তব্যে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেনকে দুর্নীতিবাজ ও উন্নয়নকাজে বাধাদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও ফরহাদ হোসেন ও তার পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়। নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে ফরহাদ হোসেনের বিরুদ্ধে উসকানিমূলক, মানহানিকর ও ব্যক্তিগত চরিত্রহরণমূলক বক্তব্য দিয়েছেন যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালার স্পষ্টত লঙ্ঘন।
এ বিষয়ে আগামী মঙ্গলবার (২ জানুয়ারি) মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে স্ব শরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেন আদালত।




