
গাজীপুরের কালিয়াকৈরে ৩ দিন বয়সী নবজাতককে বিক্রি করে দিয়েছেন এক দরিদ্র মা।
শনিবার (২৩ডিসেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শিশুটির মা রাখালিয়াচালা গ্রামে একটি কারখানায় চাকরি করেন। তিনি উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় ভাড়া থাকেন। তার স্বামী ৩ মাস আগে আরেকজনকে বিয়ে করে পালিয়ে যান। এ সময় তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক খোঁজাখুঁজি করেন স্বামীকে। কিন্তু স্বামীকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। গত বৃহস্পতিবার রাতে একটি শিশুপুত্র প্রসব করেন তিনি। নবজাতককে লালনপালন করতে না পারায় দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ও তার মা। পরে উপজেলার রাখালিয়াচালা গ্রামের এক নারী নবজাতকটিকে দত্তক নেন।
এ সময় তিনি নবজাতকের মাকে নগদ ৫ হাজার টাকা দেন। পরে একটি সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে স্বাক্ষর রেখে মাকে বিদায় দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক গ্রামবাসী নবজাতককে দেখতে দত্তক নেওয়া নারীর বাড়িতে ভিড় করছেন।
নবজাতকের নানি জানান, তার মেয়ের ৩ সন্তান রয়েছে। তাদের লালনপালন করতেই হিমশিম খেতে হচ্ছে। তাই জন্ম নেওয়া শিশুকে দত্তক দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নবজাতক দত্তক নেওয়া নারীর একটি কন্যাসন্তান হওয়ার পর দীর্ঘ ১৫ বছরেও কোনও সন্তান হয়নি। তিনি জানতে পারেন, এক নারী তিন দিন বয়সী পুত্র সন্তান বিক্রি করবেন। এমন সংবাদ পেয়ে তিনি সেই নারীর সঙ্গে যোগাযোগ করে শিশুপুত্রটি দত্তক নেন। পরে তার মায়ের হাতে ৫ হাজার টাকা তুলে দেন।
মৌচাক ইউপি সদস্য ফখরুল ইসলাম মজুমদার জানান, এ রকম ঘটনা এখন পর্যন্ত জানেন না। তবে দ্রুত এলাকায় খোঁজ নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।




