
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী একে এম এনামুল হক শামীমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলীকে বহিষ্কারের দাবি জানিয়েছে নড়িয়া উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে নড়িয়ায় দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতাদের প্রতি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীদের পক্ষে এ দাবি জানান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল মীরমালত। এ সময় উপস্থিত যুবলীগের সকল নেতৃবৃন্দ হাত তুলে সমর্থন করেন।
নড়িয়া উপজেলা যুবলীগের আহবায়ক নাসির সরদারের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী একেএম এনামুল হক শামীম।
বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একে এম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র ও আইন সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, মহিলা সম্পাদক এ্যাড. মুক্তা আক্তার, সদস্য আসাদুজ্জামান আজম।
এছাড়াও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আলহাজ্ব খবিরুজ্জামান বাচ্চু, সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা শেখ, উপজেলা ভাইসচেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা মোস্তফাসহ উপজেলা, পৌরসভা ও ১৪ ইউনিয়ন যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল মীরমালত বলেন, ২০১৮ সালের নির্বাচনেও খালেদ শওকত আলী আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করে নি। বিএনপির পক্ষে কাজ করেছে। এবার আবার নৌকার বিরুদ্ধে নিজেই বিদ্রোহী প্রার্থী হয়েছেন। কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে তাকে (খালেদ শওকত) বহিষ্কারের দাবি জানাচ্ছি।
অনুষ্ঠানে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আমার নৌকার প্রশ্নে কাজ করার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। দলের বিরুদ্ধে কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর অন্য কেউ (খালেদ শওকত) কোনো দলের প্রার্থী না, সে ব্যক্তিগতভাবে প্রার্থী হয়েছেন। আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘর ফিরবে।
মহিলা সম্পাদক এ্যাড. মুক্তা আক্তার বলেন, এনি হাউ নৌকাকে বিজয়ী করতে হবে। যারা দলের বিরুদ্ধে কাজ করবে, নৌকার বিরুদ্ধে কাজ করবে, তাদের লিস্ট কেন্দ্রে পৌছে দেয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকার প্রশ্নে আপোস করে না। যুবলীগ চেয়ারম্যান শেখ পরশের নেতৃত্বে মানবিক যুবলীগ দেশের সকল দূর্যোগে, আন্দোলন ও সংগ্রামে কাজ করে যাচ্ছে। যুবলীগের নেতাকর্মীরা সারাদেশে নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা ভোট বিপ্লবের মাধ্যমে আবারও ক্ষমতায় আসবে।




