
সরকারি কর্মচারী হয়েও নারায়ণগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবুর নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় তার স্ত্রী ডা. সায়মা আফরোজকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। একইসঙ্গে আরও চারজনকে শোকজ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ জজ ধীমান চন্দ্র মণ্ডল এ শোকজ নোটিস পাঠান।
সায়মা আফরোজ ছাড়া শোকজপ্রাপ্ত অন্য ৪ জন হলেন আড়াইহাজার উপজেলার সাদারদিয়া এলাকার শফিকুল ইসলাম মেম্বার, দুলাল মিয়া, রামচন্দ্রদী ঋষিপাড়া এলাকার নগরবাসী ও দুলাল।
নোটিশে ২৫ ডিসেম্বর সায়মা আফরোজকে সশরীরে উপস্থিত হয়ে অথবা তার প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বাকিদের সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নজরুল ইসলাম বাবুর স্ত্রী ডা. সায়মা আফরোজ আড়াইহাজার উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)।

নোটিশে নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবুর স্ত্রী সরকারি কর্মকর্তা সায়মা আফরোজকে বলা হয়, ‘আপনি বিভিন্ন সময় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ওরফে বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। আপনি বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে কর্মরত আছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা হয়েও আপনার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর ৭৭(১) ও এবং ৮৬ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক।’
এতে আরও বলা হয়, আপনার উপরিউক্ত কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে উক্ত আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের বরাবরে কেনো সুপারিশ কেন করা হবে না সে মর্মে সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নং কক্ষে অবস্থিত নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ অনুযায়ী, কোন সরকারি কর্মচারী কোনও প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।




