
আওয়ামী লীগের এক নেতাকে প্রকাশ্য জনসভায় হুমকি দিয়ে ফের আলোচনায় এসেছেন সমাজকল্যাণমন্ত্রী লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেছেন, ‘তোমার ঘাড় মটকে দেব, তুমি এখনও লোক চিন নাই।’
শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার চামটারহাট উচ্চবিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে এ মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ভুল্ল্যারহাটের জনসভায় গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি। এ ধরনের বাজে কথা যদি আর কোনও দিন বলো, তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনও লোক চিন নাই। তোমার চরিত্রের ঠিক নাই। তুমি কাজের মেয়ের সঙ্গে অসৎ সম্পর্ক গড়ে তুলে নেতা সাজতে চাও।
আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধাকে হুমকি দিয়ে মন্ত্রীর এ বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তার বক্তব্য নিয়ে পক্ষে বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা।
জানা যায়, গত শুক্রবার ভুল্ল্যারহাট মাঠে মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হকের ঈগল প্রতীকের জনসভায় বিশেষ অতিথি হয়ে বক্তব্য দেন গোলাম মর্তুজা হানিফ। সেই বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রীর দুর্নীতির চিত্র তুলে ধরে সমালোচনা করেন এ আওয়ামী লীগ নেতা। সেই বক্তব্যে গোলাম মর্তুজা বলেন, জামান সাহেব (নুরুজ্জামান আহমেদ) ১৯৯৬ সালের নির্বাচনে তিন লাখ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা আজও পাইনি। তিনি এতই টাকাওয়ালা, তো আমার ঋণ পরিশোধ করলেন না কেন?
ঘাড় মটকে দেওয়ার হুমকির বিষয়ে রোববার সাংবাদিকদের গোলাম মর্তুজা হানিফ বলেন, রাষ্ট্রের একজন আইনপ্রণেতা জনসভায় গডফাদারের মতো বক্তব্য দেবেন, এটা তো হতে পারে না। এ ঘটনায় আমি জিডি করব, নির্বাচন কমিশনে মামলা করব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব। আমি আমার জীবনের নিরাপত্তা চাই।
বক্তব্যের বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।




