
ঝালকাঠির রাজাপুর উপজেলায় কর্মশালায় আসা মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার সহকারী শিক্ষকদের নৌকা প্রার্থী শাহজাহান ওমরের নির্বাচনী সভায় অংশ নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে এক কর্মশালা শেষ হওয়ার পরও মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহকারী শিক্ষকদের শাহজাহান ওমরের নির্বাচনী সভায় উপস্থিত থাকতে বাধ্য করেন বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষক।
কর্মশালায় আসা নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার কয়েকজন শিক্ষক জানান, আজকে কর্মশালা শেষ হওয়ার পরও শাহজাহন ওমরের নির্বাচনী সভায় থাকতে মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আমাদের বাধ্য করেন। তারা ৩০ মিনিট আগেই কর্মশালার কাজ শেষ করে স্কুলের গেটে তালা লাগিয়ে দেন।
অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, কর্মশালা শেষে শিক্ষকদের নিয়ে এখানে ওমর সাহেব বক্তব্য দেন। এখানে বাধ্য করার প্রশ্নই ওঠে না। কর্মশালার শিক্ষকরা স্বেচ্ছায় এ মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন।
প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম নিজে ওই সভায় সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু প্রমুখ।




