
নওগাঁ-৫ আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের পাঁচটি নির্বাচনী প্রচারণা ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ ডিসেম্বর) রাতে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চকতারতা মোড়, মুক্তারপাড়া মোড়, হাল ঘোষ পাড়া মোড়, তিলকপুর ইউনিয়নের ছিটকীতলা মোড় ও পৌর শহরের কালিতলা এলাকায় একটি ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নৌকার প্রার্থীর সমর্থকদের দাবি, রাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা তাদের ক্যাম্পগুলোতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে ও আগুন জ্বালিয়ে দেয়। ক্যাম্পের পাশেই হিন্দু কলোনির লোকজনদের ভয় দেখাতেই এমন ঘটিয়ে নৌকার সমর্থকদের ভয় ভীতি প্রদর্শনের জন্য স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষানের কর্মী সমর্থকরা।
এই ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।
নওগাঁ সদর থানার ওসি জাহিদুর রহমান জানান, দুটি ইউনিয়নের চারটি এবং পৌর শহরের কালিতলা এলাকায় চেম্বার অব কমার্সের ঠিক পাশেই নৌকার প্রার্থী নিজাম উদ্দিন জলিলের নির্বাচনী ওই ক্যাম্পটি করা হয়েছিল। রাতে কে বা কারা হঠাৎ সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ক্যাম্পের ব্যানার ও পোস্টার পুড়ে যায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি চেয়ার-টেবিল।
ওসি আরও জানান, অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




