
খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাটে জামান জুট মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে জামান জুট মিলে আগুন লাগে। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার।
স্থানীয়রা জানান, সোমবার রাত পৌনে ১০টায় দিঘলিয়ার নগরঘাট এলাকার জামান জুট মিলে আগুন লাগে। সংবাদ পেয়ে রাত ১০টা থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মিলের ম্যানেজার রিপন মোল্লা বলেন, রাত ৯টায় মিল বন্ধ করে বাসায় চলে আসার পর আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে খুলনার চারটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।




