
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
এতে পুড়ে গেছে অন্তত ৩০টি রোহিঙ্গা বসতি। আর ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত অর্ধশতাধিক ঘর।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএন কমান্ডার অতিরিক্ত ডিআইজি আমির জাফর।
তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুনে ২৫-৩০টি ঘর পুড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের অর্ধশতাধিক ঘর।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, ভোরে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত যাই। খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি ২৫-৩০টি ঘর পুড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত অর্ধশত ঘর। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ বলা যাবে।




