
রাঙ্গামাটি জেলা সদরের বসন্ত পাড়া এলাকায় ২ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী দুই কিশোরী জুরাছড়ি উপজেলার নবম ও দশম শ্রেণির ছাত্রী। সোমবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বসন্ত পাড়া চার্চে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে জুরাছড়ি উপজেলা থেকে রাঙামাটি সদরের বসন্ত পাড়ায় যান দুই কিশোরী। সেদিন রাতে তাদের ৪ জন যুবক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
ভুক্তভোগী এক কিশোরীর বাবা বলেন, আমার মেয়েসহ তার বান্ধবী ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে বসন্ত পাড়ায় যায়। সেখানে রাতে কয়েকজন চাকমা যুবক তাদের ধর্ষণ করে। আমার মেয়ে একজনকে চিনতে পেরেছে। তার নাম রাসেল চাকমা। সে জুরাইছড়ির বাসিন্দা। আমরা এ বিষয়ে কার্বারীকে (গ্রাম প্রধান) অভিযোগ করলে তিনি থানায় জানাতে বলেন। তবে আমরা জুরাছড়ির বাসিন্দা হলেও ঘটনা সদর কোতোয়ালি থানার। তাই আমাদের সেখানে যোগাযোগ করতে বলা হয়। আমরা মঙ্গলবার কোতোয়ালি থানায় যাব অভিযোগ করতে।
জুরাছড়ি থানার ওসি আব্দুল সালাম বলেন, আমাকে কার্বারী ফোন করে বিষয়টি জানিয়েছেন। তবে ভুক্তভোগী জুরাছড়ির হলেও ঘটনাটি হয়েছে সদর উপজেলাধীন বসন্ত পাড়ায়। তাই তাদের কোতোয়ালি থানায় অভিযোগ করতে বলা হয়েছে।




