
পাবনার ঈশ্বরদীর পিয়ারপুরে নৌকার প্রচারণার সময় ছাত্রলীগের সঙ্গে বিএনপির নেতার্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে শহরের পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের নেতকার্মীদের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়ার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। এ ছাড়া তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশব বলেন, পিয়ারপুর এলাকাতে ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকার প্রচারণা চালানো সময় বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেছে। উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার চলাকালে বিএনপির লোকজন ভয়ে পালিয়ে যায়। পরে তারা প্রস্তুতি নিয়ে পিয়ারপুরে ছাত্রলীগ অফিসে হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পিয়ারপুর এলাকায় বিএনপির লোকজন ভোটবিরোধী লিফলেট বিতরণ করছিল। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা প্রচারণা চালায়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া ও পাল্টাধাওয়া, গুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে, এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।




