
দিনাজপুরের বিরামপুরে শারমিন ফিলিং স্টেশনের তেলের রিজার্ভ ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে রেলগুমটি সংলগ্ন শারমিন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
রিজার্ভ ট্যাংকে থাকা ২৭ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল পুড়ে যায়। প্রায় ৫০ লাখ টাকা ক্ষতির দাবি ফিলিং স্টেশন মালিকের।
দিনাজপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। বিরামপুর ও ফুলবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও এসে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি বলতে পারেননি।
এ বিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, তেলের পাম্পে তেল ঢালতে গিয়ে তাদের অসাবধানতার কারণে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




