
মুন্সীগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের চার কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বুধবার (২৭ ডিসেম্বর) জেলা সদরের মহাকালী ও মোল্লাকান্দি ইউনিয়নে পৃথক ঘটনায় ওই চারজনকে পিটিয়ে আহত করা হয়।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে মহাকালী এলাকায় কাঁচি প্রতীকের পোস্টার লাগানোর সময় একই এলাকার নৌকা প্রার্থীর কর্মী মোহাম্মদ সজিবের নেতৃত্বে ৭-৮ জন মিলে অতর্কিতভাবে বিরোধীদের ওপর হামলা চালানো হয়।
এ সময় তুহিন, ফিহাজ ও মেরাজ নামের তিনজনকে পিটিয়ে আহত করা হয়।
স্থানীয়দের ভাষ্য, দুপুর ২টার দিকে কাঁচি প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় আরেকটি হামলার ঘটনা ঘটে। মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সেতুর সামনে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসের কর্মী শওকত দেওয়ানসহ ৩-৪ জন অতর্কিত হামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রাসেল মোল্লার ওপর।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন, আহতদের মধ্যে তিনজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা সবাই কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।




