
আয় বাড়া প্রার্থীদের বিষয়ে সাফাই গাইলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। দেশের ৮৭ শতাংশ এমপি প্রার্থীরা কোটিপতি, টিআইবির এমন প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, সব মানুষের আয় বেড়েছে, তার মানে এই নয়, সবাই দুর্নীতি করেছে। এমপিদেরও আয় বেড়েছে, সম্পদ বেড়েছে, সবারই ব্যবসা বাণিজ্য আছে, তার মানে এই নয়, তারা দুর্নীতি করেছে। না জেনে এসব কথা তুলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।
কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় নৌকার নির্বাচনী প্রচারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় হানিফ বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন প্রসঙ্গে কথা বলার অধিকার হারিয়েছে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় এই নির্বাচনে বেশি মানুষ অংশ নেবে।
পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভাসহ বিভিন্ন নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি।




