
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে সংগঠিত চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে মগনামা ইউনিয়নের কাটা ফাঁড়ি ব্রিজ এলাকা থেকে র্যাব-পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। শরাফত উল্লাহ ওয়াসিম মগনামা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার কলিম উল্লাহর ছেলে। তিনি স্থানীয় সাংসদ জাফর আলমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, শরাফত উল্লাহ ওয়াসিমকে চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
তিনি বলেন, নিহতের ভিডিও বক্তব্যে ওয়াসিমের খুনের পরিকল্পনা ও সম্ভাবনার বিষয়টি ভাইরাল হয়েছিলো। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশের পাশাপাশি র্যাবও ছায়াতদন্তে নামে। তারা মামলার গুরুত্বপূর্ণ তিন আসামিকে গ্রেপ্তার করেছে।




