
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশাকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ বিকাশ কুমার বসাক এ শোকজ নোটিশ দেন।
নোটিশে শফিকুর রহমান বাদশাকে আগামী রোববার (৩১ ডিসেম্বর) ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ১৪ দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রার্থী ফজলে হোসেন বাদশার পোস্টার-ব্যানারের ওপর স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ও ব্যানার লাগানো এবং মাইকিংয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মনোনীত প্রার্থী হিসেবে নিজেকে দাবি করা করেছেন স্বতন্ত্র প্রার্থী। অভিযোগকারী প্রমাণ হিসেবে স্থিরচিত্র দাখিল করেছেন। নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা এবং রেলগেট এলাকায় প্রাথমিক অনুসন্ধানে ছেঁড়া পোস্টার অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, ব্যানারের ওপর অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, ব্যানার লাগানো বা ক্ষতিসাধন, বিকৃতি, বিনষ্ট করা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। শফিকুর রহমান বাদশার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না আগামী রোববার বেলা ১১টায় মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রোববার প্রতিনিধির মাধ্যমে যথাযথ সময়ে অভিযোগের ব্যাখ্যা দেবেন তিনি।




