
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন বলেছেন, গত দশ মাসে যতবারই জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি ততবারই গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণসহ গাইবান্ধার উন্নয়নে কথা বলেছি। এলাকার উন্নয়নেও বেশ ভূমিকা রেখেছি। এবার সংসদ সদস্য নির্বাচিত হলে বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে আমার প্রথম কাজ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহামুদ হাসান রিপন দিনব্যাপী সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভায় ভোটারদের উদ্দেশ্যে এসব প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ব্রহ্মপুত্র নদে টানেল হলে উত্তরের জেলাগুলোর কাছাকাছি আসবে ঢাকা। এ ছাড়া চরাঞ্চলে একটি হাসপাতাল ও কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছি, চরাঞ্চলের মানুষের স্থায়ী কর্মসংস্থানের জন্য অর্থনৈতিক জোন স্থাপন করা হবে। সাঘাটা ও ফুলছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।
তিনি আরও বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আশা করি, ৭ জানুয়ারি ভোটাররা নৌকাকে বিজয়ী করবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৫ জন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১১ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৩ জন ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৬ জন।




