
খাগড়াছড়ির পানছড়িতে নির্বাচনী প্রচারণার সময় তৃণমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার লোগাং ইউনিয়নের বাবুড়া পাড়া ও দুদক ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি উশ্যেপ্রু মারমা।
স্থানীয়রা জানান, এলাকাটি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) এর এলাকা। আঞ্চলিক সংগঠনটি এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে। আজ দুপুর ২টার পর থেকে পানছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন উশ্যেপ্রু মারমা। বাবুড়া পাড়া এলাকায় লিফলেট বিতরণের সময় ১০-১২ জনের একটি দল তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় প্রাইভেট কারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পানছড়ি থানার ওসি শফিউল আজম বলেন, প্রচারণায় হামলা হয়েছে এমন কোনও অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।




