
নওগাঁ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের কর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়াসহ প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদের বিরুদ্ধে।
ভুক্তভোগী ওই কর্মীর নাম আসলাম হোসেন। তিনি সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কো-অপারেটিভ ফোরামের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আসলাম হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ উপলক্ষে সন্ধ্যায় শহরের ডানা পার্ক কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভার আয়োজন করে নওগাঁ কো-অপারেটিভ ফোরাম। সেখানে অংশ নিয়েছিলেন সদর উপজেলার ২২টি সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালকরা। যার মধ্যে তৃণমূল সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভুক্তভোগী আসলাম হোসেনও ছিলেন। সেখানে শিষাণ আহমেদের কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য দেন আসলাম হোসেন। এর কিছু পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বের হয়ে গেলে নেতাকর্মীদের নিয়ে আকস্মিক সেখানে প্রবেশ করেন নৌকার প্রার্থী ব্যরিস্টার নিজাম উদ্দীন জলিল জনের অনুসারী জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ রিজভী। সেখানে আসলাম হোসেকে প্রকাশ্যে প্রাণনশের হুমকি দেন তিনি।
প্রত্যক্ষদর্শী সমতা বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক শাহিদুর রহমান শাহিন বলেন, ছাত্রলীগ সভাপতি সাব্বির তার নেতাকর্মীদের নিয়ে আকস্মিকভাবে আমাদের সভায় এসে হট্টগোল করেছে। আমাদের সদস্য আসলামকে হুমকি-ধমকি দিয়েছে। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত সভা শেষ করা হয়।
ভুক্তভোগী আসলাম হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নেওয়ায় কো-অপারেটিভ ফোরামের সব সদস্যদের সামনে ছাত্রলীগ সভাপতি এসে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। নির্বাচনের আগে ঘরের বাইরে বের হলে আমাকে মেরে ফেলা হবে বলেও শাসিয়েছেন। নৌকার প্রায় ৩০ সমর্থক আমাকে একঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে পৌরসভার প্যানেল মেয়র সম্রাটের সহযোগিতায় সেখান থেকে ফিরতে পেরেছি। বর্তমানে নিজের জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ রিজভী বলেন, ট্রাক প্রতীকের কিছু সমর্থকদের ওই অনুষ্ঠানে যাওয়ার খবর পেয়ে আমিও গিয়েছিলাম। সেখানে আসলাম হোসেন ট্রাকের হয়ে পুরো ইউনিয়ন দখলে নেওয়ার বক্তব্য রেখেছেন। তাই আমি উপস্থিত সমবায় সমিতির নেতাদের উদ্দেশ্যে নিরপেক্ষভাবে কাজ করার অনুরোধ জানিয়েছি। এটা শুনে আসলাম হোসেন ভয় পেয়ে থাকলে আমার কিছুই করার নেই।
এদিকে নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, স্বতন্ত্র প্রার্থীর কোনো সমর্থককে জেলা ছাত্রলীগের সভাপতি হুমকি দিয়েছেন এমন তথ্য আমাদের জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।




