
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের পাশে থেকে পর্যটকদের মালামাল ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত মালামালসহ ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ। শুক্রবার রাতে শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়া ২নং ক্যাম্পের বাসিন্দা হামিদ ওসমানের ছেলে নুর কামাল, একই ক্যাম্পের কবির মিয়ার ছেলে নুরুল ইসলাম ও বশিরের ছেলে মোহাম্মদ ফারুক। ছিনতাইয়ের শিকার পর্যটকরা কুমিল্লা থেকে ভ্রমণে যান।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি অ্যাপেল মাহমুদ।
তিনি বলেন, পাঁচ পর্যটক ভোরে সৈকতের লাবনী পয়েন্টে আসেন। সেখানে ছাতা মার্কেট এলাকায় ছয়জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তাদের ঘিরে ধরে। ছিনতাইকারীদের হাতে ধারালো ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র ছিল। তারা পাঁচজনের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনসহ সঙ্গে থাকা সবকিছু লুটে নেয়। পরে বিষয়টি আমাদের নজরে আসলে অভিযান চালিয়ে অভিযুক্তদের তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করি।
প্রাথমিকভাবে তারা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছেন। ক্যাম্প থেকে বেরিয়ে তারা ছিনতাইয়ের কাজ করে বলেও জানান টুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।




