
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালিয়াকৈর পৌরসভার সহসাধারণ সম্পাদক হারিজ উজ্জামানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার (৩০ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান জানান, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের নির্বাচন বর্জন করেছে। কালিয়াকৈর পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক হারিজ উজ্জামান তাদের নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের প্রার্থী পক্ষে গণসংযোগ ও ভোট চেয়ে পথসভায় বক্তব্য প্রদান করেছেন। যার তথ্য প্রমাণ থাকায় কেন্দ্রীয় বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করেছে।
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারিজ উজ্জামানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।




