
পঞ্চগড়ে রাতের আঁধারে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাটের ট্রাক মার্কার নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা এবং তার কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ওই প্রার্থী। এ বিষয়ে জেলার নির্বাচনী অনুসন্ধান কমিটি ও থানায় অভিযোগ করেছেন তিনি। এ অভিযোগের প্রেক্ষিতে নৌকার কর্মী হাসনাত হামিদুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পঞ্চগড়-১ নির্বাচন অনুসন্ধান কমিটি।
একইসঙ্গে রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার মধ্যে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হামিদুর রহমানকে।
শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে পঞ্চগড় জেলা শহরের কামাতপাড়া ও তুলারডাঙ্গা এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়ার কর্মী ও পঞ্চগড় পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর হাসনাত হামিদুর রহমানের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাটের ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিস ভাঙচুর করে। এ সময় পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলে তারা।
এ ছাড়া ট্রাক প্রতীকের কর্মী সমর্থকের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট বলেন, নৌকা প্রতীকের কিছু সমর্থক রাতের আঁধারে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমার কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে। তারা নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্যই এমন কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ভোটারদের মাঝে ভীতি সৃষ্টি করছে। আমরা এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ করেছি। আমরা চাই প্রশাসন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কঠোর আইনগত ব্যবস্থা নেবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, এ বিষয়গুলো অনুসন্ধান কমিটি ও পুলিশ দেখবে।




