
গাজীপুরে দুই বছর আগে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে ছুরি মেরে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ মামলার রায় ঘোষণা করেন।
আসামিদের মধ্যে পলাতক আলামিনকে (৩৪) মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর কাঁকন ওরফে কালন (২৫) ও রকি ওরফে রাকিবকে (২৬) যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তারা রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
গাজীপুরের আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১২ জুন টঙ্গীতে আমির হোসেন রিংকু হত্যার ঘটনায় আদালত এই রায় দিয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১২ জুন টঙ্গীতে রাতে সাত থেকে আটজন ছিনতাইকারী রিংকুর গতি রোধ করে এবং মারধর শুরু করে। দৌড়ে পালানোর চেষ্টা করলে আলামিন তাকে ছুরি মেরে হত্যা করেন। পরদিন রিংকুর বাবা বাদী হয়ে টঙ্গী থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে মামলা করেন।
রিংকু উত্তরায় রিজেন্ট হাসপাতালে চাকরি করতেন। থাকতেন টঙ্গীর আমতলা এলাকায়।
এসএস




