
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের তিনদিন পর জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষার্থী সজীব হোসেন বিদ্যুৎ’র লাশ মিলল বড়াল নদে।
বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার বড়াল নদ সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
সজীব উপজেলার শেলাচাপড়ী গ্রামের আবদুল হামিদের ছেলে। সে নুকালী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিচ্ছিল।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, গত মঙ্গলবার দুপুরে জেএসসি পরীক্ষা শেষ করে সজীব ও তার পাঁচ বন্ধু মাছ শিকারের জন্য উপজেলার শেলাচাপড়ীর বাঘাবাড়ী নৌ-বন্দরসংলগ্ন বড়াল নদে যায়। তারা বাঘাবাড়ী নৌ-বন্দরের বিপিসির মেঘনা অয়েল ডিপোর জেটিঘাট পয়েন্টে পানিতে ডুব দিয়ে মাছ ধরছিল। একপর্যায়ে বড় মাছ ধরার জন্য জেটি পয়েন্টের নিম্নভাগে ডুব দিতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে সজীবের বন্ধুরা ঘটনাটি তার পরিবারকে জানায়।
তিনি জানান, খবর পেয়ে রাজশাহী থেকে ছয় সদস্যের ডুবুরি দল ও শাহজাদপুর থানা পুলিশ যৌথভাবে দুইদিন ধরে চেষ্টা করেও সজীবকে খুঁজে পায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সজীবের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এমসি/কে




