
খুলনা মহানগরীর দৌলতপুর এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে ওই এলাকার পাবলা কেশব লাল রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম অনুপ দাশ (২৬)। তিনি ওই এলাকার সাধন চন্দ্র দাশের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর স্থানীয়দের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, অনুপ এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
সোমবার বিকেলে তিনি বাসা থেকে বের হন। পরে আর রাতে বাসায় ফেরেনি। মঙ্গলবার ভোর রাতে বাসার পাশের সড়কে স্থানীয়রা অনুপের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত অনুপের শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণেই অনুপকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে।
এদিকে অনুপের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জেবি




