
ছোট পর্দার ব্যস্ত মুখ হিসেবে পরিচিত ছিলেন মোজেজা আশরাফ মোনালিসা। কিন্তু অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন তিনি। বর্তমানে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি দেশে ফিরে যোগ দেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে। সেখানে কথা বলেন নানা বিষয় নিয়ে।
মোনালিসা বলেন, যখন আমি কলেজে পড়ি, তখনই মনে হয় প্রথম প্রেমের প্রস্তাব পাই। ওই সময়টাতে অনেকেই আমায় পছন্দ করতো। ভালোবাসতো। চিঠি দিতো বন্ধুদের মাধ্যমে। আমি চিঠি পড়তাম।

তিনি আরও বলেন, সেই চিঠিগুলো ছিল খুব রঙিন। বিভিন্ন রঙের কলম দিয়ে লেখা। যতদূর মনে পড়ে সেসব চিঠিতে লুকিয়ে থাকতো প্রেম-ভালোবাসার কথা।
স্মৃতি হাতড়ে মোনালিসা বলেন, কেউ কেউ বাসায় বিয়ের শাড়ি পর্যন্ত পাঠিয়ে দিতো। বলতো, আমি নাকি তার ফিউচার ওয়াইফ! আমার বাসার সবাই অবাক হয়ে যেতো, এগুলো কী হচ্ছে! অনেকে আবার বিয়ের প্রস্তাবও পাঠাতো। এরকম মজার অনেক স্মৃতি আছে, যা মনে পড়ে।

এর আগে ৯ মে (বৃহস্পতিবার) দেশে ফিরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক আয়োজনে যোগ দেন মোনালিসা।
সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমি দেশকে মিস করি। আমি জানি আমার যারা ভক্ত আছেন তারাও মিস করেন। তারা সব সময় পর্দায় আমাকে দেখতে চান। এ কারণেই দেশে আসা। আমার ইচ্ছে আছে, ভালো স্ক্রিপ্ট, ডিরেক্টর পেলে অবশ্যই কিছু কাজ করব। ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে।




