
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকেলের দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই মেলার মাঠ এলাকার ৩০ পরিবার, মোগড়া ইউনিয়নের টানোয়াপাড়ায় ৩৫ পরিবার ও মনিয়ন্দ ইউনিয়নের দুই পরিবারকে এ ত্রাণের চাল দেওয়া হয়।
জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বন্দি ছিল উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ইউনিয়ন, মোগড়া ইউনিয়ন ও মনিয়ন্দ ইউনিয়নের কিছু এলাকা। এতে তলিয়ে যায় সবজিখেত, আউশ ধানের জমি ও বীজতলা। পানিবন্দি হয়ে পড়ে অনেক পরিবার।
পরে স্থানীয় সংসদ সদস্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক তার নির্দেশে পানিবন্দি প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়ার নির্দেশনা দেন বলে জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার।
তিনি আরও জানান আইনমন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশে ত্রাণ ব্যবস্থাপনা ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার পানিবন্দি ৬৭টি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম, দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মো. জালাল উদ্দীন, মোগড়া ইউনিয়ন চেয়ারম্যান এম এ মতিন, ইউপি সদস্য জাহার মিয়া ও রহিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।




