
মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার সকালে হবে ভোটগ্রহণ। এরই মধ্যে সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পুরো নির্বাচনটি সমন্বয় করছেন রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার। নির্বাচনের সবশেষ প্রস্তুতি নিয়ে বুধবার আরটিভি অনলাইনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন সিয়াম সারোয়ার জামিল।
নির্বাচনের প্রস্তুতি কেমন?
সব মিলিয়ে বেশ ভালো। সবরকম প্রস্তুতিই নেয়া হয়েছে। মোট ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য ২১ প্লাটুন বিজিবিসহ পুলিশ-আনসার মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে দেয়া হয়েছে পুরো নগর। নির্বাচনী এলাকা থেকে বহিরাগতদের চলে যেতে বলা হয়েছে।
এবারের নির্বাচনে কতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ?
ঝুঁকিপূর্ণ নয়, এটাকে আমরা বলি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এমন কেন্দ্রের সংখ্যা ১০৮টি। সেগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সংখ্যালঘুদের নিরাপত্তায় আলাদা কোনো ব্যবস্থা রাখা হয়েছে?
হ্যাঁ। সংখ্যালঘুরা যাতে নিরাপদে নির্ভয়ে ভোট প্রদান করতে পারে, তার সব ব্যবস্থায় রাখা হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকার ভোটকেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ কেন্দ্রের তালিকায় রাখা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বিএনপি। এক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন?
বিএনপি প্রার্থী এখনো আমাকে কোনো লিখিত অভিযোগ করেননি এ ব্যাপারে। এরশাদ সাহেব এই নির্বাচনী এলাকার ভোটার। এখানে তার বাসভবন রয়েছে। তিনি তার বাসায় আসতেই পারেন। তিনি তো কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। যদি নিতেন, তবে আচরণবিধি লঙ্ঘন হতো।
কিন্তু বিএনপি প্রার্থী বাবলা দাবি করেছেন, এরশাদ সাহেব বাসায় রাজনৈতিক মিটিং করছেন, নেতা-কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এতে নির্বাচনে প্রভাবও পড়ছে।
দেখুন। উনি উনার বাসায় এসেছেন। নিজের বাসায় উনি আসতে পারবেন না? তার বাসায় তার আত্মীয়-স্বজন তো আসতেই পারে। বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা আসতেই পারে। আমি কি তাদের বাধা দিব? আমি তো এরশাদ সাহেবের ঘরে ঢুকতে পারবো না, তাই না? তিনি যা করছেন তাতে নির্বাচন প্রভাবিত হয় না।
ইভিএম সব কেন্দ্রে নেই কেন?
এবার পরীক্ষামূলকভাবে ইভিএম রাখা হয়েছে একটিমাত্র কেন্দ্রে। ব্যবহার করলে বোঝা যাবে এটা কতটা সাড়া ফেলেছে। তারপর পরবর্তী নির্বাচনে ইভিএমের ব্যবহার বাড়ানো যায় কিনা, তা বিবেচনা করা হবে।
এসজে/এসএস




